নোয়াখালীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়ি থেকে নিখোঁজের পর এক মাদ্রাসাছাত্রের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার এই ঘটনায় তার বাবার জড়িত থাকার অভিযোগ তুলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. নাঈম (১৪) লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা। সে সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। মা-বাবার বিচ্ছেদের পর থেকে নাঈম সুবর্ণচরে নানার বাড়িতেই বসবাস করে আসছিল।
নাঈমের নানা এবায়েদ উল্যা জানান, সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে নাঈম ঘুমিয়ে পড়েছিল। কিন্তু শেষ রাতে বা ভোরের দিকে কোনো এক সময় সে নিখোঁজ হয়। সকালে ফজরের নামাজের পর ঘরের দরজা খোলা পাওয়া যায়। পরবর্তীতে বাড়ি থেকে সামান্য দূরে ধানখেতের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নাঈমের মায়ের দ্বিতীয় বিয়ে হওয়াকে কেন্দ্র করে তার বাবা ইব্রাহীম খলিল ক্ষুব্ধ ছিলেন এবং নানা রকম হুমকিও দিচ্ছিলেন। ঘটনার পর থেকে বাবার মোবাইল বন্ধ থাকায় পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
১১৮ বার পড়া হয়েছে