কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নিন্দা
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলা, মারধর ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা। সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক রনজক রিজভী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কুষ্টিয়ার কুমারখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলা, মারধর ও তাঁর পেশাগত ক্যামেরা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা।
শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক রনজক রিজভী এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, সংবাদ সংগ্রহ ও তথ্য অনুসন্ধান সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকের ওপর শারীরিক হামলা, তাঁর পেশাগত সরঞ্জাম নষ্ট করা কিংবা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপদ পরিবেশকে বাধাগ্রস্ত করে।
সম্প্রতি কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া কালীবাড়ী মোড় এলাকায় সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বিবৃতিতে কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নেতারা বলেন, মামলায় নাম থাকা বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তদন্তের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতা নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। একই সঙ্গে হামলার সঙ্গে প্রকৃতভাবে জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধী যেন আইনের বাইরে না থাকে—তদন্তে বিষয়টি নিশ্চিত করতে হবে।
তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আহত সাংবাদিকের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান।
আবু বকর সিদ্দীক ও রনজক রিজভী বলেন, সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা, হুমকি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিবৃতিতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনায় পুনরায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
১২৯ বার পড়া হয়েছে