রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারধর, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর লক্ষীপুরে চিকিৎসা নিতে এসে শ্লীলতাহানি ও হামলার শিকার হয়েছেন এক নারী ও তাঁর স্বজনরা। এ ঘটনায় মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ঘটনার তদন্ত ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
রাজশাহীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় গত ১৭ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়ের জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন। ফেরার পথে স্থানীয় আর রহমান হোটেলের সামনে মো. মাসুদ রানা নামের এক ব্যক্তি তাঁদের পথরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, মাসুদ রানা তাঁর পরিচিত দোকান থেকে ওষুধ কেনার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তিনি গালিগালাজ শুরু করেন এবং তাঁর ইশারায় উপস্থিত অন্য সহযোগীরা ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এক নারীর ওড়না টেনে শ্লীলতাহানি করে এবং তাঁর ভাইকে পিটিয়ে গুরুতর আহত করে।
ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নজরে আসে। তাঁর বিশেষ নির্দেশনায় পুলিশ ভুক্তভোগী পরিবারটিকে খুঁজে বের করে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।
এই ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লক্ষীপুর এলাকা থেকে লাবিব সারাফাত রিদান ও হামিদুল আলম সনি নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। চিকিৎসাসেবা নিতে এসে কেউ যাতে দালাল চক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন।
১০৯ বার পড়া হয়েছে