সর্বশেষ

জাতীয়

অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, স্বীকারোক্তির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁদের মধ্যে দুইজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে সবার জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ১৩ বছর বয়সী অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হলে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় চারজনে। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিদের বয়সের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাঁদের সঙ্গে অপ্রতিমের আগে থেকেই পরিচয়, বন্ধুত্ব ও ওঠাবসা ছিল। তাঁরা প্রায়ই একসঙ্গে আড্ডা দিতেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁদের কয়েকজন অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।

অপ্রতিমের সঙ্গে থাকা মুঠোফোন উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা আইফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামতও জব্দ করেছে। পাশাপাশি ফরেনসিক বিশ্লেষণের কাজ চলছে।

তিনি আরও বলেন, পুলিশ আইনানুগ পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া যায় কি না, সে বিষয়েও কাজ চলছে।

অপ্রতিম হত্যার ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং বিভিন্ন আলামত জব্দ করতে পুলিশ সক্ষম হয়েছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রোববার তাঁর দাফন করা হয়েছে।

হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আশা প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যা মামলার মতো অপ্রতিম হত্যার বিচারও স্বল্প সময়ে শেষ করার উদ্যোগ নেওয়া হবে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে অভিযোগপত্র দেওয়া হবে। এরপর বিচার করবে আদালত; সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি।

নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এক কিশোরের কাছ থেকে তাঁর সঙ্গে থাকা আইফোনটিও উদ্ধার করা হয়।

অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০