ধামরাইয়ে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে ধামরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। জমি ক্রয় নিয়ে সৃষ্ট একটি বিরোধের জেরে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ঢাকার ধামরাই প্রেসক্লাব হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন বলেন, একটি জমি ক্রয়কে কেন্দ্র করে একটি বিশেষ পক্ষ পরিকল্পিতভাবে তার সম্মানহানি করার চেষ্টা করছে। তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সভাপতি আরও বলেন, তিনি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছেন এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছেন। তদন্তে যদি তার কোনো ধরনের অপরাধ বা সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে যেকোনো সাংগঠনিক বা আইনি শাস্তি তিনি মাথা পেতে নেবেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিম খান, সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী ভূইয়া এবং সিনিয়র দপ্তর সম্পাদক মাহিম সিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
১০৭ বার পড়া হয়েছে