ঘরে বসেই মিলবে মেন্টর: যাত্রা শুরু করল এডটেক প্ল্যাটফর্ম ‘ওএলএম’
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন লাইভ মেন্টর বা ‘ওএলএম’ প্ল্যাটফর্ম। আজ ২০ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণি ও বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে। এডটেক প্রতিষ্ঠান ‘ননঅ্যাকাডেমি’র উদ্যোগে চালু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা যেকোনো সময় সরাসরি মেন্টরদের কাছ থেকে পড়াশোনা বুঝে নিতে পারবেন।
শিক্ষার্থীদের তাৎক্ষণিক পড়াশোনার সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের পার্ট-টাইম আয়ের নতুন দিগন্ত উন্মোচন করতে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির ডিজাইন করা হয়েছে। ওএলএম এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট অধ্যায় বা বিষয়ে তাৎক্ষণিক সমস্যার সমাধান দেওয়া। কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে প্ল্যাটফর্মে প্রবেশ করে সংশ্লিষ্ট বিষয়ে অনলাইনে সক্রিয় মেন্টরদের প্রোফাইল, দক্ষতা এবং প্রতি ঘণ্টার পারিশ্রমিকের হার দেখে সরাসরি যুক্ত হতে পারবেন।
প্ল্যাটফর্মটিতে আধুনিক সব ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে সরাসরি অনলাইন ক্লাস, হোয়াইট বোর্ড এবং ক্লাস রেকর্ডিংয়ের সুবিধা। প্রাথমিকভাবে উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই সেবা চালু করা হলেও, খুব শীঘ্রই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদেরও এর আওতায় আনা হবে বলে জানা গেছে।
উদ্যোক্তারা জানান, ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রুয়েটের দুই হাজারেরও বেশি মেধাবী শিক্ষার্থী মেন্টর হিসেবে ওএলএম-এ নিবন্ধিত হয়েছেন। এর ফলে টিউশনি খোঁজার সময় বাঁচিয়ে ঘরে বসেই নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয়ের সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ননঅ্যাকাডেমির প্রতিষ্ঠাতা এ আই আরিফ নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, যাতায়াতের ক্লান্তি ও নির্দিষ্ট সময়ে শিক্ষক না পাওয়ার জটিলতা দূর করতেই ওএলএম-এর সৃষ্টি। শিক্ষার্থীরা olm.bd ঠিকানায় গিয়ে সহজেই এই অনন্য ও ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সুবিধার অংশ হতে পারবেন।
১০৬ বার পড়া হয়েছে