কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী মাহবুব উল আহসান উল্লাসের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা টিভির প্রতিনিধি মাহবুব উল আহসান উল্লাসের ওপর নৃশংস হামলার প্রতিবাদে সরব হয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা। এরই অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর রবিবার দুপুরে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এক বিশাল প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কুষ্টিয়া শহরের একটি প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে জেলার সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা অত্যন্ত উদ্বেগজনক ও হুমকিস্বরূপ। ঘটনার পর থানায় নিয়মিত মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মূল আসামিরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সামিউল হাসান অপু, সহ-সভাপতি মজিবুর শেখ, দপ্তর সম্পাদক এস এম মাহাফুজুর রহমান এবং নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহমেদ। এছাড়াও বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
কর্মসূচি থেকে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কুষ্টিয়ার সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বক্তারা।
১৬২ বার পড়া হয়েছে