২৩ বছর পর মুক্তি: দুই সাবেক বন্দিকে ভ্যান দিল রাজশাহী জেলা প্রশাসন
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ২৩ বছর কারাভোগ শেষে অন্ধকার থেকে আলোর জগতে ফিরেছেন রাজশাহীর মিঠু ও ইসরাফিল। তবে মুক্ত জীবনে এসে চরম আর্থিক অনটনে পড়েন এই দুই সাবেক বন্দি। তাঁদের পুনর্বাসন ও স্বাবলম্বী করতে কর্মসংস্থানের নতুন আশার আলো হিসেবে দুটি ভ্যান উপহার দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে পবা উপজেলার বিলধর্মপুর গ্রামের মিঠু এবং বাগমারা উপজেলার কোন্দা পশ্চিমপাড়া গ্রামের মো. ইসরাফিলের হাতে ভ্যানের চাবি তুলে দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী উপস্থিত ছিলেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের নথি অনুযায়ী, ২০০৩ সালের ১১ অক্টোবর থেকে সাজা খাটছিলেন মিঠু। ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি চলতি বছরের ১৬ জুলাই সাজা শেষে মুক্তি পান। দীর্ঘ কারাভোগের পর মুক্ত জীবনে ফিরলেও জীবিকার কোনো নিশ্চিত উৎস না থাকায় চরম অনিশ্চয়তায় পড়েন তিনি।
পুনর্বাসন ও পরিবারের পাশে দাঁড়াতে মিঠু জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের জন্য একটি ভ্যান চেয়ে আবেদন করেন। উপহারের ভ্যানটি পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, কারাগার থেকে বের হওয়ার পর কীভাবে সংসার চালাবেন তা নিয়ে শঙ্কিত ছিলেন। এই ভ্যানটি এখন তাঁর নতুন করে বেঁচে থাকার অবলম্বন ও আয়ের প্রধান উৎস হবে।
একই পরিস্থিতি ছিল দীর্ঘ ২৩ বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়া বাগমারা উপজেলার মো. ইসরাফিলের। দীর্ঘ কারাবাসের কারণে তাঁর পরিবারের আর্থিক অবস্থাও সম্পূর্ণ ভেঙে পড়েছিল। কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকেও একটি নতুন ভ্যান প্রদান করা হয়।
ভ্যান বিতরণ শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, কারাগার পরিদর্শনের সময় এই দুই ব্যক্তির অসহায়ত্বের কথা তিনি জানতে পেরেছিলেন। তাঁরা যাতে কর্মসংস্থানের মাধ্যমে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরতে পারেন, সেই লক্ষ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
৩৯২ বার পড়া হয়েছে