বিপিএল ফুটবল: ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে ওড়াল সিটি ক্লাব
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে গোপালগঞ্জে ঘরের মাঠে স্বাগতিক ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সিটি ক্লাব। দীর্ঘ তিন বছর পর গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে আধিপত্য বজায় রেখে দুর্দান্ত জয় তুলে নেয় সফরকারীরা।
শুক্রবার আড়াইটায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গোপালগঞ্জ পর্বের। গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে.এম বাবর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই পর্বের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা তিনটায় মুখোমুখি লড়াইয়ে মাঠে নামে সিটি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় সিটি ক্লাব। স্বাগতিক ব্রাদার্স ইউনিয়ন শুরুর ২৭ মিনিট পর্যন্ত রক্ষণভাগ ধরে রাখতে পারলেও ২৮ মিনিটে গোল হজম করে বসে। সিটি ক্লাবের ফরোয়ার্ড এনামুল ইসলাম গাজী চমৎকার এক শটে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার ওনিকাচি ওকাফর। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।
খেলার দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স ইউনিয়ন। তবে সিটি ক্লাবের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। উল্টো ম্যাচের ৭৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দৃষ্টিনন্দন গোল করে সিটির জয় সুনিশ্চিত করেন ফরোয়ার্ড রফিকুল ইসলাম। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি ক্লাব।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিটি ক্লাবের প্রধান কোচ মো. আব্দুল কাইয়ুম সেন্টু মাঠের প্রশংসা করে বলেন, গোপালগঞ্জের মাঠ আগের চেয়ে অনেক ভালো হওয়ায় আমরা আমাদের স্বাভাবিক খেলাটি খেলতে পেরেছি। অন্যদিকে নিজেদের ভুলত্রুটি স্বীকার করে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন ব্রাদার্স ইউনিয়নের কোচ ওমর কে সিসে।
১৫১ বার পড়া হয়েছে