সারাদেশে ২৪ ঘন্টায় হাম ও ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০ শিশু। পাশাপাশি এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে হামের সর্বশেষ পরিস্থিতির তথ্য জানানো হয়। একই দিন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৯৪৪ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৯ শিশু। এ সময়ে ১ হাজার ১৪১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২৮২ জনের। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৭৫৩ ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭১ হয়েছে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১৬।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৯৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১২১ বার পড়া হয়েছে