মন্ত্রীর ছবি-পরিচয় ব্যবহার করে মুঠোফোনে টাকা দাবি, থানায় জিডি
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপির ছবি ও পরিচয় ব্যবহার করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে বিভিন্ন অজুহাতে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বান্দরবান সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয় বলে জিডিতে উল্লেখ করেছেন মো. হেলাল উদ্দীন (৩৬)। পরে তিনি জানতে পারেন, একই ব্যক্তি বা ব্যক্তিরা মন্ত্রীর ছবি ও নাম ব্যবহার করে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছ থেকেও টাকা দাবি করছেন।
বান্দরবান সদর থানায় দেওয়া লিখিত অভিযোগে হেলাল উদ্দীন বলেন, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। ফোনে বিভিন্নভাবে টাকা দাবি করা হয়। পরে তিনি জানতে পারেন, মন্ত্রী সাচিং প্রু জেরী এমপির ছবি ও পরিচয় ব্যবহার করে আরও কয়েকজনের কাছেও টাকা চাওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হতে পারে। এ ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বান্দরবান সদর থানায় জিডিটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডির তদন্ত কর্মকর্তা বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসাইন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে জিডিতে উল্লেখ করা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১২৫ বার পড়া হয়েছে