জামালপুরে এইডস প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ে মতবিনিময়
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে এইচআইভি/এইডস প্রতিরোধ এবং উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে জেলা পর্যায়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এই সভায় এইডস প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতাই পারে এই মারাত্মক ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখতে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সভায় জেলার স্বাস্থ্যখাতের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা এইচআইভি এইডস প্রতিরোধে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা এবং ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনের মাধ্যমে এইডস থেকে মুক্ত থাকার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডক্টর আজিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা এবং জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে চিকিৎসকেরা বলেন, নিয়মিত পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এইচআইভি সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্তদের সঠিক চিকিৎসা প্রদান এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
১০৬ বার পড়া হয়েছে