খুকৃবিতে ওবিই কারিকুলাম নিয়ে কর্মশালা, বিশ্বমানের শিক্ষার তাগিদ
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) দুই দিনব্যাপী আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই কর্মশালায় দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) অডিটোরিয়ামে গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর ‘ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক এই বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই আয়োজনের নেতৃত্ব দেয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও বাস্তবমুখী দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে ওবিই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার দেশের দক্ষিণাঞ্চলের কৃষি খাতের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষাক্রম তৈরি করতে হবে। খুকৃবিকে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।
আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুর রহমান। দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন।
১১৫ বার পড়া হয়েছে