পাকুন্দিয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রিয়াদ মিয়া (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাই হৃদয় মিয়ার বিরুদ্ধে। গত শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হৃদয়কে আটক করেছে পুলিশ।
নিহত রিয়াদ মিয়া ও অভিযুক্ত হৃদয় মিয়া উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিয়াদ মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। মাদকের টাকা জোগাড় করা নিয়ে তিনি প্রায়ই তাঁর মাকে মারধর করতেন। শনিবার হৃদয় ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি জানতে পারেন, মাদকের টাকার জন্য রিয়াদ তাঁর মাকে মারধর করেছেন।
এ নিয়ে হৃদয় তাঁর ছোট ভাই রিয়াদকে জিজ্ঞাসা করলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হৃদয় ছুরি দিয়ে রিয়াদের বুকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিয়াদকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০৬ বার পড়া হয়েছে