পদ্মায় পানি কমায় চাঁপাইনবাবগঞ্জের বানভাসিদের দুর্ভোগেও কিছুটা স্বস্তি
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
টানা ১০ দিন ধরে বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। এতে জেলার নিম্নাঞ্চলের পানিবন্দী হাজার হাজার মানুষের মাঝে স্বস্তি ফিরছে। তবে মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি এখনও বাড়তে থাকায় কিছু এলাকায় দুর্ভোগ রয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। বর্তমানে পাঙ্খা পয়েন্টে পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭৩ মিটার। এর আগে গত ২ সেপ্টেম্বর থেকে নদীতে পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে শুরু করে বিপৎসীমার কাছাকাছি চলে যায়।
পদ্মার পানি আকস্মিক বৃদ্ধির ফলে সদর ও শিবগঞ্জ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। এতে নদী তীরবর্তী এলাকার প্রায় সাড়ে তিন হাজার পরিবার চরম পানিবন্দী অবস্থার মুখোমুখি হয়। পানি কমতে শুরু করায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে, যা স্থানীয় বাসিন্দাদের মনে স্বস্তি এনেছে।
তবে পদ্মায় স্বস্তি ফিরলেও জেলার অন্য দুটি প্রধান নদী মহানন্দা ও পুনর্ভবার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানন্দার পানি ৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে এই নদীগুলোর সংলগ্ন নিম্নাঞ্চলে এখনও জলাবদ্ধতা বজায় রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, পদ্মার পানি হ্রাস পাওয়ার ধারা অব্যাহত থাকবে এবং খুব দ্রুতই প্লাবিত এলাকাগুলো কর্দমাক্ত অবস্থা থেকে মুক্ত হবে। এছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১০৯ বার পড়া হয়েছে