বজ্রপাত ও জলবায়ুর ঝুঁকি কমাতে ফরিদপুরে ৫ হাজার তালবীজ বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং বজ্রপাত থেকে চরাঞ্চলের মানুষের প্রাণহানি রোধে ফরিদপুরে মাসব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে ও পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে এই কর্মসূচির আওতায় ৫ হাজার তালবীজ ও বিভিন্ন ফলদ চারা বিতরণ করা হচ্ছে।
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মধ্য চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এই কার্যক্রমের সূচনা করেন। ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী দীপন কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক জানান, জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ফরিদপুরের তিনটি উপজেলার ১০টি চরাঞ্চলীয় ইউনিয়নে ৫ হাজার তালবীজ এবং বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হচ্ছে।
বক্তারা উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার অন্যতম প্রধান শিকার চরাঞ্চলের খেটে খাওয়া মানুষ। চরাঞ্চলে উঁচু গাছের অভাব থাকায় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। এই ঝুঁকি কমাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চরাঞ্চলে ব্যাপকভাবে তালগাছ লাগানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারা রোপণ করা হয়।
১২১ বার পড়া হয়েছে