হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, ডেঙ্গুতেও ২ জনের প্রাণহানি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯০ জন।
স্বাস্থ্য অধিদফতরের শুক্রবার, ১১ সেপ্টেম্বরের পৃথক বিজ্ঞপ্তিতে হাম ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত শনাক্ত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৬৭ জনে।
এ ছাড়া গত এক দিনে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯১২ জন।
স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১২৩ বার পড়া হয়েছে