জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ৪ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে এক নারীকে ধর্ষণের দায়ে আসলাম হোসেন (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলই মণ্ডলপাড়া এলাকার হায়দর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন আসলাম। একপর্যায়ে মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পরও আসলাম ওই নারীর স্বামীর কাছে নানা আপত্তিকর কথা বলে সংসারে অশান্তি সৃষ্টি করেন। এর জেরে ২০২৩ সালের ১০ জুলাই স্বামীর সঙ্গে ওই নারীর বিবাহবিচ্ছেদ ঘটে।
বিবাহবিচ্ছেদের পর বাবার বাড়িতে ফিরে আসেন ওই নারী। এর মাত্র ১০ দিন পর, অর্থাৎ ওই বছরের ২০ জুলাই রাতে ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন আসলাম। সে সময় তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এসে আসলামকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এই ঘটনার দুই দিন পর, ২২ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট ফজরুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।
১০৫ বার পড়া হয়েছে