বাকৃবিতে ‘সবুজ পৃথিবী’র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘সবুজ পৃথিবী’ সংগঠনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় কেবল গাছ লাগানোই নয়, বরং তা টিকিয়ে রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান বলেন, জলবায়ুর পরিবর্তনের চরম বাস্তবতায় পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রতিটি গাছ রোপণের পর সেটির সঠিক পরিচর্যা ও সংরক্ষণ করা নাগরিকদের অন্যতম প্রধান দায়িত্ব। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে চারাগুলোকে বড় করে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের নানা ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও নির্বিচারে গাছ কাটার ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্যের সুরক্ষায় প্রতিটি সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানো অত্যন্ত জরুরি।
কর্মসূচির সভাপতি 'সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ জানান, ময়মনসিংহ বিভাগজুড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তাদের সংগঠন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলমসহ ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের মাঠপর্যায়ের কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা।
১২১ বার পড়া হয়েছে