ফরিদপুরে স্বামী হত্যার বিচারের দাবিতে স্ত্রীর মানববন্ধন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক ইউসুফ আলী শেখকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় জড়িত সব আসামির দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। বুধবার ফরিদপুর জজকোর্ট চত্বরে আয়োজিত এক মানববন্ধনে নিহত কৃষকের স্ত্রী ডালিয়া বেগম প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচারের আকুতি জানান। এজাহারভুক্ত সাত আসামির মধ্যে তিনজনকে এখনও পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
আদালত চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের অর্ধশতাধিক বাসিন্দা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আসামিদের জামিন না দিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানান। এ সময় স্বামী হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন ইউসুফের স্ত্রী ডালিয়া বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ আগস্ট সন্ধ্যায় কৃষক ইউসুফ আলীকে ডেকে নিয়ে চরাঞ্চলে নির্যাতন করা হয় এবং জোরপূর্বক বিষ খাওয়ানো হয়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ভোরে তিনি মারা যান। মৃত্যুর পূর্বে ধারণকৃত একটি ভিডিওতে ইউসুফ আলী তাঁর ওপর হামলাকারীদের নাম প্রকাশ করে যান।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনকে আসামি করে চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলার পরপরই অভিযান চালিয়ে শামীম হোসেন, ইয়াছমিন আক্তার, আক্কাস মোল্যা ও জুলহাস মোল্যা নামের চার আসামিকে গ্রেফতার করে। তবে ঘটনার এক মাসের বেশি সময় পার হলেও বাকি তিন আসামি এখনও অধরা রয়ে গেছে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান আসামিরা যাতে কোনোভাবেই আদালত থেকে জামিন না পায় এবং পলাতক আসামিদের যেন দ্রুত গ্রেফতার করা হয়, সেটাই তাঁদের প্রধান দাবি। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি তাঁরা পলাতকদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
মামলার বর্তমান অগ্রগতি সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা এবং চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানিয়েছেন, ঘটনার তদন্ত জোরদারভাবে চলছে। পলাতক অন্য তিন আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে এবং খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১০৭ বার পড়া হয়েছে