অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলবে না: হাইকোর্ট
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সংস্থাটি যেসব বাস চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে বলে জানিয়েছেন আদালত।
মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বিষয়টি শুনানি করেন।
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানিতে তিনি বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ধারিত স্পেসিফিকেশন উল্লেখ করা হয়েছে। এসব বিধান লঙ্ঘন করলে একই আইনের ৮০ ও ৮৪ ধারায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে।
বিআরটিএর পক্ষে আদালতকে জানানো হয়, বর্তমানে স্লিপার বাস পরিচালনার জন্য সংস্থাটির কোনো অনুমতি নেই। ফলে অনুমোদন ছাড়া এ ধরনের বাস মহাসড়কে চালানোর সুযোগ নেই।
আদালতও স্লিপার বাস চালানোর কোনো অনুমতি দেননি। বরং বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই মহাসড়কে চলতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
১১৯ বার পড়া হয়েছে