ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময় এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং সমুদ্র নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে।
ভারতের হাইকমিশনার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়।
ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা আরও জোরদার, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তার অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকার অব্যাহত থাকবে বলেও জানান দীনেশ ত্রিবেদী।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।
১২১ বার পড়া হয়েছে