সর্বশেষ

জাতীয়

ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষিশ্রমিক ও ৫ হাজার মৎস্যশ্রমিক নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে দুই দেশ। এর অংশ হিসেবে বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে। ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষিশ্রমিক ও ৫ হাজার মৎস্যশ্রমিক নিতে চায়। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে।

তবে কর্মী পাঠানোর প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। প্রতিমন্ত্রী জানান, আগামী মাসে ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী পাঠানোর বিষয়ে পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা চালুর বিষয়েও কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। শামা ওবায়েদ ইসলাম বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশি নাগরিকদের নিয়মিতভাবে ওমানে যাওয়ার সুযোগ তৈরি করতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

দক্ষ অভিবাসনের ওপরও বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ওমানের বিভিন্ন খাতে আরও দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। দুই দেশই এ বিষয়ে আগ্রহী বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন