গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় হেলপারের মৃত্যু
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবীর (৪০) ওই পিকআপের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জ অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার প্রবীর প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা দুর্ঘটনাকবলিত পিকআপের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, এই সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে