পটুয়াখালীতে ৮ কেজির বিরল কালো পোয়া বিক্রি হলো ৪০ হাজার টাকায়
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জেলের জালে ধরা পড়া একটি বিরল প্রজাতির কালো পোয়া বা দাতিনা মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ৮ কেজি ওজনের এই মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। আন্তর্জাতিক বাজারে এই মূল্যবান মাছটির বায়ুথলির ব্যাপক চাহিদা থাকায় এটি চড়া দামে বিক্রি হয়েছে।
মঙ্গলবার সকালে পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স সাগর ফিশ আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি প্রতি কেজি ৫ হাজার টাকা দরে মোট ৪০ হাজার টাকায় কিনে নেন ‘ফ্রেশ ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি এম মুসা। তিনি মাছটি বিদেশে রপ্তানির উদ্দেশ্যে কিনেছেন বলে জানান।
এফবি মিম ট্রলারের জেলে সিদ্দিক জানান, গভীর সমুদ্রে ইলিশ শিকারের সময় অন্যান্য মাছের সঙ্গে এই বিরল দাতিনা মাছটি তাদের জালে ধরা পড়ে। ভালো দাম পেয়ে জেলেরা অত্যন্ত আনন্দিত। স্থানীয় বাজারে এই মাছটি ‘ব্ল্যাক ডায়মন্ড’ হিসেবেও পরিচিত। এর আগে গত সপ্তাহেও সাড়ে ৪ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ ৭২ হাজার টাকায় বিক্রি হয়েছিল বলে জানান আড়তদাররা।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, এই মাছটির বৈজ্ঞানিক নাম ‘Acanthopagrus berda’। আন্তর্জাতিক বাজারে এর বায়ুথলি বা এয়ার ব্লাডারের ব্যাপক চাহিদা রয়েছে। এটি দিয়ে চীনের ঐতিহ্যবাহী ওষুধ, কসমেটিকস ও অস্ত্রোপচারের সুতা তৈরি করা হয়। মূলত এই কারণেই মাছটি চড়া দামে বিক্রি হয়ে থাকে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, সরকারিভাবে সমুদ্রে মাছ ধরার ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার সুফল পাচ্ছেন জেলেরা। এসব বিরল ও মূল্যবান মাছ সাধারণত ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তবে জলবায়ু পরিবর্তন ও দূষণের কারণে এই মাছের প্রাকৃতিক আবাসস্থল সংকটে রয়েছে, তাই এর কৃত্রিম প্রজনন ও আবাসস্থল রক্ষা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা।
১২০ বার পড়া হয়েছে