নওগাঁয় বিএমডিএর সামাজিক বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি শুরু হয়েছে। অংশীদারিত্বের ভিত্তিতে জেলার সদর উপজেলার চকআতিথা গ্রামে গাছের চারা রোপণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সূত্র জানিয়েছে, ২০২৬-২০২৭ অর্থ বছরের মধ্যে নওগাঁর দুটি আঞ্চলিক অফিসের অধীনে দুই লক্ষ গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে সদর উপজেলার চকআতিথা থেকে বুজরুক আতিথা পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এই সামাজিক বনায়ন কর্মসূচির মূল লক্ষ্য হলো জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করা। গাছগুলো বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় উপকারভোগী পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত হবে। অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে তোলা এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিএমডিএ নওগাঁ-১ এর নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নূরুল আমিন, সহকারী কমিশনার নূরে আলম সিদ্দিক এবং সহকারী প্রকৌশলী আব্দুল খালেকসহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
১৫২ বার পড়া হয়েছে