পাবনায় চাঞ্চল্যকর তমা হত্যা মামলার প্রধান আসামিকে গুলি করে হত্যা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে (৬০) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে চণ্ডিপাশা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আদম আলী নিষিদ্ধ চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন সাবেক ইউপি সদস্য আদম আলী। চণ্ডিপাশা গ্রামের আহম্মদ আলীর বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আদম আলী উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহত আদম আলী নিষিদ্ধ চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, নিহত আদম আলীর বিরুদ্ধে এলাকায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আটঘরিয়ার ষাটগাছা এলাকায় তমা খাতুন নামের এক নারীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।
১২৮ বার পড়া হয়েছে