মাদারগঞ্জের ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র শিক্ষক ও কর্মকর্তা সংকটে প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৮টিতেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান ও প্রশাসনিক তদারকি। একই সাথে উপজেলা শিক্ষা অফিসেও অর্ধেক পদ শূন্য থাকায় ভেঙে পড়েছে মনিটরিং ব্যবস্থা।
স্থানীয় শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় অবস্থিত ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৬৪ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০১টিতে ভারপ্রাপ্ত এবং ২৭টিতে চলতি দায়িত্ব দিয়ে কোনো রকমে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া সহকারী শিক্ষকের ৭৫টি পদ শূন্য থাকায় নিয়মিত পাঠদান পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন কর্মরত শিক্ষকেরা।
কেবল বিদ্যালয়গুলোতেই নয়, মাদারগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের চিত্রও একই রকম হতাশাজনক। সেখানে অনুমোদিত ১২টি পদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ৩টি পদসহ মোট ৬টি পদই দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। এর ফলে বিদ্যালয়গুলোতে নিয়মিত তদারকি ও দাপ্তরিক কাজ পরিচালনা করতে চরম বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়ে বিদ্যালয় পরিচালনার কারণে চেইন অব কমান্ড বা প্রশাসনিক শৃঙ্খলায় ঘাটতি দেখা দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষকেরা। অন্যদিকে, নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনেকেই তাদের সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, অবসর গ্রহণ, বদলি ও মামলাজনিত কারণে এই শূন্য পদের সৃষ্টি হয়েছে। অতি দ্রুত শূন্য পদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং শিক্ষক নিয়োগ ও শিক্ষা অফিসের জনবল সংকটের দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১১৩ বার পড়া হয়েছে