সর্বশেষ

জাতীয়

আগস্টে মূল্যস্ফীতি কমেছে, কমেছে মজুরি বৃদ্ধির হারও

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। তবে একই সময়ে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির চেয়ে কমেছে মজুরি বৃদ্ধির হারও।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্য সূচক ও মূল্যস্ফীতির হিসাব থেকে এ তথ্য জানা গেছে। আজ সোমবার বিবিএসের ওয়েবসাইটে আগস্ট মাসের মূল্যস্ফীতি ও মজুরি হার সূচকের তথ্য প্রকাশ করা হয়।

বিবিএসের হিসাবে, গত বছরের আগস্টে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে মাত্র শূন্য দশমিক ০৩ শতাংশীয় পয়েন্ট।

আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ০২ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ১৪ শতাংশীয় পয়েন্ট এবং এক বছরে কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশীয় পয়েন্ট।

অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি আগস্টে বেড়ে হয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। ফলে এক মাসে শূন্য দশমিক ০৪ শতাংশীয় পয়েন্ট এবং এক বছরে শূন্য দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে এ মূল্যস্ফীতি।

গ্রাম ও শহর—উভয় এলাকাতেই আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গ্রামীণ এলাকায় আগস্টে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, জুলাইয়ে যা ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। গত বছরের আগস্টে গ্রামীণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।

গ্রামে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০১ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫৯ শতাংশে উঠেছে। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৫৩ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।

শহরাঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। গত বছরের আগস্টেও শহরের মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।

শহরে খাদ্য মূল্যস্ফীতি আগস্টে কমে হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ২১ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।

এদিকে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না মানুষের মজুরি। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট বৃদ্ধির হার কমে হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ এক মাসে মজুরি বৃদ্ধির হার কমেছে শূন্য দশমিক ১৭ শতাংশীয় পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে, আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। শিল্প খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৯৭ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। আর সেবা খাতে মজুরি বৃদ্ধির হার হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ; জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।

ফলে আগস্টে সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশ হলেও মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ গড় হিসাবে মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার শূন্য দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট কম। এর ফলে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত থাকতে পারে।

তবে দীর্ঘমেয়াদি হিসাবে মূল্যস্ফীতির চাপ কমার প্রবণতা দেখা যাচ্ছে। বিবিএসের হিসাবে, সেপ্টেম্বর ২০২৫ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ১২ মাসের চলন্ত গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ। এর আগের ১২ মাসে, অর্থাৎ সেপ্টেম্বর ২০২৪ থেকে আগস্ট ২০২৫ সময়ে এ হার ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। এক বছরের ব্যবধানে চলন্ত গড় মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৯২ শতাংশীয় পয়েন্ট।

বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি হাট-বাজার থেকে নির্ধারিত সময়ে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে আগস্টের ভোক্তা মূল্য সূচক প্রস্তুত করা হয়েছে। একইভাবে ৬৪ জেলা থেকে প্রায় ৬৩ ধরনের মজুরি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে মজুরি হার সূচক তৈরি করা হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন