২৪ ঘণ্টায় হামে ৩, ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৯৭ এবং ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২১ হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে হামের পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে এ সময়ে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী ভর্তি হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ৪৬৮ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৯, বরিশালে ১৩৫, সিলেটে ১৫৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৭৫৬ জন। চলতি বছর নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৯৭ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৯৭।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতেও চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং দুজন খুলনা বিভাগের বাসিন্দা।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ৩১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৪০ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায়ই ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩১ জন। নতুন চারজনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২১ হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে