বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু, আহত ১
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর বাঘা উপজেলায় গোয়ালঘর থেকে গরু ও ছাগল চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে উপজেলার জোতকাদিরপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
নিহত শিমুল (২৮) বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের বাসিন্দা। গণপিটুনির শিকার অপর ব্যক্তি সমজান (৫০) একই এলাকার বাসিন্দা, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জোতকাদিরপুর গ্রামের বাসিন্দা ইয়ারুলের গোয়ালঘরে হানা দেয় দুর্বৃত্তরা। সে সময় গোয়ালঘর থেকে গরু ও ছাগল বাইরে বের করার শব্দ পেয়ে গৃহকর্তা ইয়ারুল চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থল থেকেই দুজনকে হাতেনাতে আটক করে এবং উত্তেজিত জনতা তাদের উত্তম-মধ্যম দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সমজানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোয়ালঘরে থাকা আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের গবাদিপশু চুরির চেষ্টা চালানো হচ্ছিল। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
১২০ বার পড়া হয়েছে