সর্বশেষ

সারাদেশ

নামের মিলে ২০ দিন জেল খাটলেন নিরপরাধ জলিল, আসল আসামি প্রবাসে

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় নামের মিল থাকার কারণে পুলিশের ভুলের খেসারত দিয়ে ২০ দিন জেল খাটলেন এক নিরপরাধ ব্যক্তি। মামলার প্রকৃত আসামি যখন সৌদি আরবে অবস্থান করছেন, তখন একই নামের এক দরিদ্র জেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। অবশেষে আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেয়েছেন ভুক্তভোগী জলিল হাওলাদার।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকার বাসিন্দা মো. জলিল হাওলাদারকে গত ১৯ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। একটি অর্থ প্রতারণার মামলায় কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরোয়ানাবলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে দীর্ঘ ২০ দিন পর আদালতের মাধ্যমে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।

ভুক্তভোগী জলিলের আইনজীবী হুমায়ুন কবীর বাদশা জানান, মামলার প্রকৃত আসামি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। কিন্তু আসামির নাম ও বাবার নামের সঙ্গে মিল থাকায় পুলিশ এই নিরপরাধ জেলেকে গ্রেপ্তার করে। বিষয়টি আদালতে উপস্থাপনের পর বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে ভুল ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পরবর্তী ধার্য তারিখে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া জলিল হাওলাদার (৪৭) উপজেলার বিপিনপুর শিববাড়িয়া গ্রামের আবদুল মালেক হাওলাদার ও হালিমা খাতুনের ছেলে। অন্যদিকে, মামলার প্রকৃত আসামি মো. জলিল হাওলাদার (৩৫) একই এলাকার আবদুল মালেক হাওলাদারের ছেলে হলেও তাঁর মায়ের নাম মাজেদা বেগম। প্রকৃত আসামি ২০২৩ সাল থেকে সৌদি আরবে অবস্থান করছেন বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে।

ভুক্তভোগীর মেয়ে জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, তাঁর বাবাকে গ্রেপ্তারের সময় জাতীয় পরিচয়পত্র ও মামলার তথ্য যাচাই করার অনুরোধ করা হলেও পুলিশ তা শোনেনি। কোনো যাচাই-বাছাই ছাড়াই তড়িঘড়ি করে তাঁকে আদালতে চালান দেওয়া হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি স্বীকার করে বলেন, ওয়ারেন্টে আসামির মায়ের নাম বা কোনো মোবাইল নম্বর উল্লেখ না থাকায় অনিচ্ছাকৃতভাবে এই ভুলটি হয়েছে। তবে ভুল বুঝতে পারার পর আসামির জামিন পাওয়ার ক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন