সর্বশেষ

জাতীয়

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী দিল্লি : দীনেশ ত্রিবেদী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফরের আয়োজন নিয়ে ভারত আত্মবিশ্বাসী এবং উপযুক্ত সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ভারত সরকারের পক্ষ থেকে সব সময়ই ভারত সফরের আমন্ত্রণ রয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান অবগত আছেন বলেও জানান তিনি।

দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার কার্যক্রম থেমে থাকার কোনো কারণ নেই। শীর্ষ পর্যায়ের বৈঠক কোনো নির্দিষ্ট সময়ে না হলেও পরবর্তী সময়ে হতে পারে। তবে শুধু শীর্ষ পর্যায়ের বৈঠকের অপেক্ষায় না থেকে দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে বাস্তব কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করা জরুরি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত রাখা সম্ভব।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, বায়ু, নদী, জলবায়ু ও বন্যপ্রাণীর কোনো সীমান্ত নেই। তাই সীমান্ত পেরিয়ে থাকা এসব সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে কাজ করতে হবে।

কার্বন ক্রেডিট, সুন্দরবন সংরক্ষণ এবং হাতি চলাচলের করিডোর ব্যবস্থাপনার মতো বিষয়ে কর্মকর্তা পর্যায়ে আরও সুনির্দিষ্ট অগ্রগতির প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, পরিচ্ছন্ন বায়ু ও পরিবেশ নিশ্চিত করার কাজ দীর্ঘমেয়াদি; এটি এক দিনে সম্পন্ন হওয়ার মতো কোনো বিষয় নয়।

বৈঠকে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বন্যপ্রাণীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, দুই দেশের জনগণের স্বার্থ এবং পারস্পরিক বাণিজ্যিক ও পরিবেশগত নির্ভরতা রাজনৈতিক বা প্রশাসনিক সমীকরণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে দুই দেশের সহযোগিতার কার্যক্রম থেমে থাকবে না। কর্মকর্তা পর্যায়ে আলোচনা এবং যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন