বান্দরবানে নারী হকি উন্নয়ন কর্মসূচি শুরু
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’। শনিবার বিকেলে স্থানীয় স্পোর্টস কমপ্লেক্সে কর্মসূচিটির প্রথম ধাপের উদ্বোধন করা হয়।
তৃণমূল পর্যায়ে নারী হকির বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে বান্দরবানে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ২৫ জন নারী হকি খেলোয়াড় অংশ নিচ্ছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য জসিমউদ্দীন তুষার, এ চনুমং, মাওসেতুং তংচঙ্গা ও উম্যাসিং মারমা।
এ ছাড়া অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি অনুপ মহাজন এবং জেলা ক্রীড়া অফিসার রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, নারী হকির সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতের জন্য নতুন খেলোয়াড় তৈরি করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বান্দরবানে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী হকির চর্চা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
১২৯ বার পড়া হয়েছে