গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি: ভুয়া পরিচয়পত্রসহ আটক ২
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে এক পল্লী চিকিৎসকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করার পর পুলিশে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত যুবকেরা হলেন কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের হারুন অর রশিদ খান (৩৮) এবং তিতাগ্রামের রবিউল ইসলাম (৩২)। তারা নিজেদের ‘দৈনিক স্বাধীন কাগজ’ নামক একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন এবং তাদের কাছ থেকে ওই পত্রিকার জাল আইডি কার্ড জব্দ করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার ঘোনাপাড়া বাজারে পল্লী ডেন্টাল চিকিৎসক সাধন কুমার বিশ্বাসের চেম্বারে গিয়ে তার চিকিৎসার সনদপত্র দেখতে চান ওই দুই যুবক। এরপর সনদটি ভুয়া বলে দাবি করে তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ভিডিও প্রচারের হুমকি দেন।
একপর্যায়ে চিকিৎসক সাধন বিশ্বাস বিষয়টি বাজার পরিচালনা কমিটির সভাপতি ও আশপাশের ব্যবসায়ীদের জানালে তারা এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ব্যবসায়ীরা তাদের আটক করেন। পরে কাশিয়ানী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের নিজেদের হেফাজতে নেয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪১ বার পড়া হয়েছে