হারানো ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব ফোন হস্তান্তর করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। পুলিশের এই প্রযুক্তিগত দক্ষতা ও জনবান্ধব উদ্যোগ ভুক্তভোগী সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উদ্ধারকৃত সখের ফোনগুলো ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিকরা। হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি পুনরায় হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন রাজশাহী গভর্নমেন্ট নিউ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস. এম. জার্জিস কাদির। তিনি জানান, ফোনটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।
একইভাবে আনন্দিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা চক্রবর্তীও। তিনি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে প্রযুক্তির সাহায্যে এত দ্রুত ফোনটি উদ্ধার করায় আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশের এমন জনবান্ধব ও দ্রুত সেবা প্রদানের উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। একটি ফোন হারালে শুধু আর্থিক ক্ষতিই হয় না, বরং এতে সংরক্ষিত ব্যক্তিগত ছবি, পাসওয়ার্ড এবং সংবেদনশীল আর্থিক তথ্যও চরম ঝুঁকিতে পড়ে।
তিনি আরও উল্লেখ করেন, মোবাইল উদ্ধার করার ক্ষেত্রে পুলিশকে নানা ধরনের কারিগরি ও বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কখনো কখনো একটি সেট উদ্ধার করতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। নাগরিকদের উদ্দেশ্যে তিনি নিজের ফোনের আইএমইআই (IMEI) নম্বর সংরক্ষণ ও ব্যবহারে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম ও মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, দীন মোহাম্মদ ও আবুল কালাম সাহিদসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাইবার অপরাধ দমন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আরএমপি এমন অভিযান অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছে।
১৩৪ বার পড়া হয়েছে