পুলিশকে সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সাইবার অপরাধ, মাদক, চাঁদাবাজি ও ছিনতাই দমনের পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারত্ব বজায় রাখারও আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। পাশাপাশি সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
এসব বিষয়ে জনগণকে নিয়মিত তথ্য জানানো এবং জনসচেতনতা তৈরিতে ব্যাপক প্রচারণা চালানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। এ অবস্থায় বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার জন্য পুলিশকে নির্দেশনা দেন তিনি।
অন্যদিকে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে