শিক্ষকদের মারধরের ভয়ে মাদ্রাসা থেকে পালাল ৩ ছাত্রী, উদ্ধার ফরিদপুরে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পড়াশোনা কম করায় শিক্ষকদের মারধরের ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া তিন কিশোরীকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। বুধবার রাতে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া এই তিন মাদ্রাসা ছাত্রী পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে।
উদ্ধার হওয়া কিশোরীরা হলো—নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব জাজিরা এলাকার রফিকুল ইসলামের মেয়ে রোজা (১৪), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কংসুপুরা এলাকার আলামিনের মেয়ে তানহা (১৪) এবং একই এলাকার হানিফ মিয়ার মেয়ে লামিয়া (১৪)। তারা সবাই সিরাজদিখানের খাসমহল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পড়ালেখা ঠিকমতো না করায় শিক্ষকরা মারধর করতে পারেন—এমন আশঙ্কায় বুধবার সকাল আটটার দিকে ওই তিন কিশোরী মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এরপর সিরাজদিখান বাসস্ট্যান্ড থেকে একটি যানবাহনে চড়ে তারা ফরিদপুরে পৌঁছায়। সেখান থেকে ইজিবাইকযোগে কানাইপুর এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়।
সন্দেহজনক ঘোরাফেরা দেখে এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করে এবং পরে কোতোয়ালি থানায় খবর দেয়। ওই দিন রাত ১১টার দিকে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সংশ্লিষ্ট মাদ্রাসায় খবর পাঠানো হয়েছে এবং ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। স্বজনরা থানায় পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।
১১১ বার পড়া হয়েছে