আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ৫,৪৮২ টাকা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। গতকাল বুধবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ফলে ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা প্রতি ভরি।
বাজুস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা প্রতি ভরি।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা এক নজরে:
২২ ক্যারেট স্বর্ণ: ২,৩৭,৩৬২ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট স্বর্ণ: ২,২৬,৬৯০ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট স্বর্ণ: ১,৯৪,৬১৪ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৫৮,৯৮০ টাকা প্রতি ভরি
২২ ক্যারেট রুপা: ৫,১৩২ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট রুপা: ৪,৯৫৭ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট রুপা: ৪,২৫৭ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতির রুপা: ৩,২০৮ টাকা প্রতি ভরি।
৩৫৬ বার পড়া হয়েছে