সর্বশেষ

খেলা

ইংল্যান্ডে সিরিজ হারের পর পাকিস্তান দলে বড় পরিবর্তন, নতুন কোচ নিয়োগ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলে ব্যাপক পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান সফর থেকেই সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান কোচ ও বোলিং কোচকেও দায়িত্ব থেকে সরিয়ে নতুন কোচ নিয়োগ দিয়েছে পিসিবি।

লর্ডসে ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তান দলের ওপর চাপ আরও বেড়েছে। এর মধ্যেই দলে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছে পিসিবি। সাত ক্রিকেটারকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় নতুন সাতজনকে দলে নেওয়া হয়েছে। পরিবর্তন এসেছে কোচিং স্টাফেও।

দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুররম শাহজাদ। তাঁদের চলমান ইংল্যান্ড সফর থেকেই দেশে ফেরার সিদ্ধান্ত হয়েছে।

কোচিং স্টাফে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় প্রধান কোচ হিসেবে মাইক হেসন এবং বোলিং কোচ হিসেবে অ্যাশলে নফকে দায়িত্ব পেয়েছেন।

বদলি হিসেবে দলে যোগ দিচ্ছেন সাইম আইয়ুব, আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, সাদ বেগ, মুহাম্মদ রানধাওয়া, রেজাউল্লাহ ও মুহাম্মদ ইমরান জুনিয়র।

নতুন দলে সাইম আইয়ুবের টেস্ট অভিজ্ঞতা সবচেয়ে উল্লেখযোগ্য—তিনি পাকিস্তানের হয়ে আটটি টেস্ট খেলেছেন। আবদুল্লাহ ফজল খেলেছেন দুটি টেস্ট। বাঁহাতি স্পিন-অলরাউন্ডার আরাফাত মিনহাস পাকিস্তানের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন।

উইকেটরক্ষক-ব্যাটার সাদ বেগ সম্প্রতি ২০২৫-২৬ কায়েদ-ই-আজম ট্রফিতে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। মুহাম্মদ ইমরান জুনিয়রেরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে ডানহাতি পেস-বোলিং অলরাউন্ডার মুহাম্মদ রানধাওয়া ও রেজাউল্লাহ এখনো পাকিস্তানের হয়ে কোনো পর্যায়ে খেলেননি।

বার্মিংহামে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগেই নতুন ক্রিকেটারদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

ইংল্যান্ড সফরে পাকিস্তানের শুরুটা হয়েছে হতাশাজনকভাবে। হেডিংলিতে প্রথম টেস্টের পর লর্ডসেও হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। লর্ডসের পরাজয়টি পাকিস্তানের জন্য আরও বিব্রতকর হয়ে উঠেছে দলের সাম্প্রতিক অ্যাওয়ে রেকর্ডের কারণে। গত ১১টি অ্যাওয়ে টেস্টের মধ্যে এটি তাদের দশম হার। সব মিলিয়ে শেষ ২০ টেস্টে পাকিস্তানের হার ১৫টি।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পাকিস্তানের অবস্থান নাজুক। এই চক্রে দুটি জয় ও ছয়টি পরাজয়ে তাদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। ফলে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দল।

বার্মিংহামের তৃতীয় টেস্ট সামনে রেখে পাকিস্তানের হালনাগাদ স্কোয়াডে রয়েছেন আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, রেজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ ও উবাইদ শাহ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন