মোংলায় মেডিকেল ক্যাম্প: ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় ‘মানবতার সেবায় আমরা’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সফল এই মানবিক আয়োজনে স্থানীয় সাত শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ এবং রক্তের গ্রুপ পরীক্ষার সুবিধা দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মোংলার চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ বৃহৎ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়। সকাল থেকেই চিকিৎসাসেবা গ্রহণ করতে মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
দিনব্যাপী চলা এই বিশেষ ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সাধারণ মেডিসিন, গাইনি ও চোখের চিকিৎসাসহ বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়। এর পাশাপাশি রোগীদের ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষাও সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়। এই কার্যক্রমে প্রযুক্তিগত ও চিকিৎসাসেবাগত সার্বিক সহযোগিতা প্রদান করে খুলনার আদ-দিন হাসপাতাল এবং 'আলোকিত বাগেরহাট' নামের সামাজিক সংগঠন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে আগত চক্ষু রোগীদের চিকিৎসার বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষা শেষে যেসকল রোগীদের চোখের ছানি সনাক্ত করা হয়েছে, তাদের একটি তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং আলোকিত বাগেরহাটের সভাপতি মো. মনজুরুল হক রাহাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের মানবিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, মানুষের সেবা করাই সৃষ্টির সেরা কাজ। মোংলার দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করার এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সামাজিক উন্নয়নের স্বার্থে এ ধরণের মহতি কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
ক্যাম্পের প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অর্থাভাবে দেশের কোনো মানুষ যেন মৌলিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চিকিৎসাসেবা গ্রহণ করে একজন অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে ফিরে যান, সেটিই তাঁদের এই আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা। আগামীতেও তাঁদের এই মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
১২৭ বার পড়া হয়েছে