কুষ্টিয়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে তামাক ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির নোটিশ
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য অপপ্রচারের অভিযোগে জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমনের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ন্যাশনাল লিফ টোব্যাকোর মালিক রাইসুল হক পবনের পক্ষে তাঁর আইনজীবী এই নোটিশ পাঠান। আগামী ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
আদালতের মাধ্যমে পাঠানো এই লিগ্যাল নোটিশে বলা হয়েছে, গত ৩ আগস্ট কৃষকদল নেতা আরিফুর রহমান সুমন একটি অনলাইন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারে তিনি ন্যাশনাল লিফ টোব্যাকোর মালিক রাইসুল হক পবন ও তাঁর প্রতিষ্ঠান সম্পর্কে 'নকল সিগারেট তৈরি চক্রের মূল হোতা'সহ বিভিন্ন আপত্তিকর শব্দ ব্যবহার করেন। এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্যবসায়ী পবন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অসত্য বক্তব্যের কারণে রাইসুল হক পবনের সামাজিক ও ব্যবসায়িক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং এতে প্রায় ২০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে একই সংবাদমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চাইতে ও বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে সতর্ক করা হয়েছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম খোকন জানান, তথ্য-প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে বানোয়াট বক্তব্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাঁর মক্কেলের সম্মানহানির কারণেই এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এদিকে ব্যবসায়ী রাইসুল হক পবনের অভিযোগ, অভিযুক্ত সুমনের ভাই ও সহযোগীরা পূর্বে তাঁর তামাকের গুদামে ঝামেলা সৃষ্টি করেছিল এবং দুই কোটি টাকা চাঁদাও দাবি করেছিল। তবে অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক মো. আরিফুর রহমান সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
১২৫ বার পড়া হয়েছে