রাঙামাটির রাজস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মোটরসাইকেল, নিহত ১
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় সীমান্ত সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। শনিবার রাতে পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী বিলাইছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
নিহত নারীর নাম খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২)। তিনি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়া পাড়া ছড়া গ্রামের বাসিন্দা বাইজ্যা তঞ্চঙ্গ্যার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে রাজস্থলীর সীমান্ত সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে চড়ে রাজস্থলীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে একটি পাহাড়ি পথ অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এ সময় মোটরবাইকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। চমেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এবং তা ফারুয়াতে নিয়ে যাওয়া হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে