সর্বশেষ

সারাদেশ

বাড়ছে পানি: কাপ্তাই বাঁধের ১৬টি গেট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কাপ্তাই হ্রদে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ এলাকা জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছানোয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের হ্রদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ রবিবার সকাল ১০টা থেকে বাঁধের ১৬টি জলকপাটের মুখ ৩ ফুট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এর আগে হ্রদের ধারণক্ষমতা বজায় রাখতে প্রথমে ৬ ইঞ্চি, এরপর পর্যায়ক্রমে ১ ও ২ ফুট করে গেটগুলো খুলে রাখা হয়েছিল।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই পানিবিদ্যুৎ প্রকল্পের সচল পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সময়ও প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। জলকপাট এবং বিদ্যুৎ উৎপাদন—উভয় মাধ্যম মিলিয়ে বর্তমানে প্রতি সেকেন্ডে সর্বমোট প্রায় ৯০ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

বিপুল পরিমাণ পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই হ্রদের উপরিভাগের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর ফলে রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি ও বরকলের প্লাবিত নিম্নাঞ্চল থেকে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এবং পানি নামতে শুরু করেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

তবে হ্রদের পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারীসহ কর্ণফুলী নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বেগতিক হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানির স্তর প্রতি মুহূর্তেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ এবং হ্রদের পানির সামগ্রিক অবস্থা বিবেচনা করে জলকপাটগুলোর ওপেনিং আরও বাড়ানো বা কমানোর বিষয়ে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন