মহিপুরে দুর্যোগ ও আশ্রয় ব্যবস্থাপনা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে দুর্যোগের সময় নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই দুর্যোগ প্রস্তুতির পরিকল্পনা করা হয়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ আশ্রয়, সবার অধিকার’ স্লোগানকে সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস-এর এলআরপি-৫০ প্রকল্প এবং অ্যাকশনএইড বাংলাদেশের সক্রিয় সহযোগিতায় এই সভাটি সম্পন্ন হয়।
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদীর সভাপতিত্বে আয়োজিত সভায় সঞ্চালনা করেন আভাসের সিএএসআর প্রজেক্ট অফিসার রুবি আক্তার। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. মনিরুল ইসলাম। স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি আরও বেগবান করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
সভায় উপস্থিত বক্তারা বলেন, দুর্যোগের সময়ে আশ্রয়কেন্দ্রগুলোতে নারী, শিশু এবং বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, আলোর পর্যাপ্ততা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো, ইউপি সচিব মো. মজিবুর রহমান, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার ফারুক এবং ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসা. তানিয়া আক্তার। বক্তারা দুর্যোগের পূর্বেই সংশ্লিষ্ট কমিটি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় আরও জোরদার করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন।
১১৯ বার পড়া হয়েছে