সাটুরিয়ায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল ছুরি
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকা থেকে লায়লি বেগম (৫০) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থলের কাছ থেকেই একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় বাসিন্দারা কামতা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত নারী বরিশাল জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থলের অদূরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
১০৯ বার পড়া হয়েছে