কটিয়াদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকালচর গ্রামের বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫), তাঁর মেয়ে জারা মনি (১০) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে মিলন মিয়া (৩৫)। তাঁরা সবাই সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, অটোরিকশাটি ভৈরবের দিকে যাচ্ছিল। তেভাগা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় মিলন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাবেয়া আক্তার ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
১১১ বার পড়া হয়েছে