ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি, থানায় জিডি
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরেরা বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার ও এসির তারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় অভিনেতা নিজে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেতা ফজলুর রহমান বাবু সপরিবারে ঢাকায় বসবাস করলেও শিকড়ের টানে প্রায়ই ফরিদপুরের এই বাড়িতে আসেন। শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত ‘কামরাঙ্গা’ নামের এই দোতলা বাড়িটিতে চারদিকে প্রাচীর ঘেরা একটি সুন্দর বাগানও রয়েছে। গত সোমবার রাতে বাড়িতে এসে তিনি চুরির বিষয়টি টের পান।
ক্ষতিগ্রস্ত বাড়ির বিবরণ দিয়ে ফজলুর রহমান বাবু জানান, কাজের ব্যস্ততার মধ্যেও তিনি মাসে অন্তত এক-দুবার এই বাড়িতে এসে সময় কাটান। গত ২০-২৫ দিন আগেও তিনি এখানে এসেছিলেন। সোমবার রাতে বাড়িতে প্রবেশ করে লাইট জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। পরবর্তীতে বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের প্রধান লাইনের তার কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ছাদে থাকা এসি এবং বাইরের অন্যান্য মূল্যবান তারও গায়েব করে দেওয়া হয়েছে।
অভিনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় ইদানীং চোরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত মাদকসেবীরা নেশার টাকার জোগাড় করতেই এ ধরনের চুরি সংঘটিত করছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
এদিকে চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা নিজেই থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
১২৩ বার পড়া হয়েছে