নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণের অভিযোগে ২ কিশোর কারাগারে
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাণীনগরে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ভুক্তভোগী শিশুটি উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের অভিযুক্ত মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। সেই সময় বাড়িতে বড় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ইসতিয়াক ও মারুফ মিলে শিশুটিকে প্রথমে মোবাইল ফোনে কার্টুন দেখায়। এরপর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে পাশবিক নির্যাতন চালায় ইসতিয়াক। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে মারুফও তাকে নির্যাতন করে।
নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে স্থানীয় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে নওগাঁ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বুধবার মধ্যরাতে শিশুটির মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই পুলিশ রাতেই বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করে। লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ওই দুই কিশোরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ তৎপরতা চালিয়ে আসামিদের আইনের আওতায় এনেছে। অন্যদিকে, ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা শিশুর মা।
১০৭ বার পড়া হয়েছে