নওগাঁয় নিরাপদ খাদ্য আইনে ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।
নওগাঁ সদর উপজেলার মিষ্টি পট্টি, পুরাতন মাছ বাজার ও বিসিক শিল্পনগরী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স দত্ত স্টোরে নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট), হাইড্রোজ, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার এবং অ্যামোনিয়াম সালফেট বিক্রির প্রমাণ মেলে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অনুরূপভাবে বিসিক শিল্পনগরী এলাকার জিলানী অয়েল মিল ও সুমন অয়েল মিলে সরিষার তেলের সঙ্গে ক্যানোলা তেল মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া বোতলে মেয়াদ ও উৎপাদন তারিখ না থাকায় যথাক্রমে ১০ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত ক্ষতিকারক ও অননুমোদিত খাদ্য উপকরণগুলো সবার সামনে ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে নিজেদের কার্যক্রম ত্রুটিমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় নিয়মিত মামলা করার হুঁশিয়ারি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১২৩ বার পড়া হয়েছে